আগরতলার রামনগর ৪ নম্বর এলাকায় ঘটে যাওয়া রহস্যজনক বিস্ফোরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় একটি আবাসনের প্রায় ১২ থেকে ১৩টি ফ্ল্যাট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং পুর কমিশনার। তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতির খোঁজখবর নেন। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়।ভুক্তভোগীদের অভিযোগ, আচমকা বিকট শব্দে বিস্ফোরণ ঘটতেই কেঁপে ওঠে গোটা এলাকা। বহু ফ্ল্যাটের জানালার কাচ, দরজা ও অন্যান্য অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন বাসিন্দারা।বিস্ফোরণের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে তদন্ত চালিয়ে যাচ্ছেন। কী কারণে এই বিস্ফোরণ ঘটল এবং এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
রামনগরে রহস্যময় বিস্ফোরণ! ক্ষতিগ্রস্ত একাধিক ফ্ল্যাট, ঘটনাস্থলে মেয়র ও পুর কমিশনার
