আগরতলা, ২৭ জুন: রামনগর ৪ নম্বর এলাকায় কয়েকদিন আগে একটি আবাসিক ফ্ল্যাটে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত শুভ্রজিত চৌধুরী চিকিৎসাধীন অবস্থায় গতকাল জিবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।শনিবার প্রয়াত শুভ্রজিত চৌধুরীর বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী, মা ও অন্যান্য পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সিপিআই(এম)-এর একাধিক নেতা ও কর্মী।পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রী বিস্ফোরণস্থলও পরিদর্শন করেন। সেখানে গিয়ে তিনি ঘটনার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।উল্লেখ্য, রামনগরের এই বিস্ফোরণকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। ঘটনায় একজনের মৃত্যু হওয়ায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকাবাসীর মধ্যে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
রামনগর বিস্ফোরণ: নিহত শুভ্রজিতের পরিবারকে সমবেদনা জানাতে মানিক সরকার, পরিদর্শন করলেন দুর্ঘটনাস্থল
