Headlines

রাস্তা সংস্কারের দাবিতে ক্ষোভ চরমে, প্রশাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদে স্নেহা বেগম

সোনামুড়া, ৮ জুন: দীর্ঘদিন ধরে বেহাল গ্রামীণ রাস্তা সংস্কারের দাবিতে আন্দোলন আরও তীব্র আকার ধারণ করেছে সোনামুড়া মহকুমার কাঁঠালিয়া ব্লকের দক্ষিণ মহেশপুর এলাকায়। সোমবার এলাকাবাসীর সড়ক অবরোধ কর্মসূচির মধ্যে ক্ষোভ প্রকাশ করেন বিজেপির প্রাক্তন মহিলা মোর্চার রাজ্য কমিটির সদস্য স্নেহা বেগম।আন্দোলনস্থলে তিনি অভিযোগ করেন, এলাকার জনগণের দীর্ঘদিনের দাবি সত্ত্বেও সংশ্লিষ্ট রাস্তা সংস্কারের জন্য কার্যকর কোনও উদ্যোগ নেওয়া হয়নি। বারবার প্রশাসন ও জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করা হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে দাবি করেন তিনি।স্নেহা বেগম বলেন, রাস্তার বেহাল অবস্থার কারণে প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। অসুস্থ ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাওয়া থেকে শুরু করে ছাত্রছাত্রীদের যাতায়াত—সব ক্ষেত্রেই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তিনি এ বিষয়ের জন্য এলাকার জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান।এদিকে, সড়ক অবরোধের ফলে সোনামুড়া-বিলোনিয়া সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং বহু যাত্রী ভোগান্তির শিকার হন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।আন্দোলনকারীদের দাবি, সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষ দ্রুত এলাকায় এসে সমস্যার সমাধানে আশ্বাস না দিলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *