Headlines

৩০০ মিটার রাস্তার দাবিতে বাইপাস অবরোধ! ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তিতে যাত্রীরা

সোনামুড়া, ৮ জুন: দীর্ঘদিন ধরে গ্রামীণ রাস্তা সংস্কার না হওয়ার প্রতিবাদে সোনামুড়া মহকুমার কাঁঠালিয়া ব্লকের দক্ষিণ মহেশপুর এলাকায় বাইপাস সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ কাকরি নদীর ব্রিজ সংলগ্ন উত্তরাংশের চৌমুহনী এলাকায় এই অবরোধ শুরু হয়।অবরোধের ফলে সোনামুড়া-বিলোনিয়া সড়কে চলাচলকারী দূরপাল্লার বাস, যাত্রীবাহী গাড়ি এবং অন্যান্য যানবাহন দীর্ঘ সময় আটকে পড়ে। এতে চরম দুর্ভোগের শিকার হন সাধারণ যাত্রী ও পথচারীরা।স্থানীয়দের অভিযোগ, দক্ষিণ মহেশপুর গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের প্রায় ৩০০ মিটার দীর্ঘ একটি গ্রামীণ রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। প্রায় ২৫ থেকে ৩০টি পরিবারের একমাত্র যোগাযোগের মাধ্যম এই রাস্তা। এক সময় ছোট ও মাঝারি যানবাহন চলাচল করলেও বর্তমানে রাস্তার অবস্থা এতটাই খারাপ যে সাইকেল নিয়েও চলাচল করা কঠিন হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তা জল ও কাদায় ভরে যায়।অবরোধকারীদের দাবি, বহুবার পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং প্রশাসনের কাছে রাস্তা সংস্কারের আবেদন জানানো হলেও বাস্তবে কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। নির্বাচনের সময় প্রতিশ্রুতি মিললেও পরে সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয় না বলেও অভিযোগ তোলেন তারা।স্থানীয় বাসিন্দা ও শাসকদল সমর্থক নেত্রী স্নেহা বেগম জানান, বারবার বিষয়টি প্রশাসনের নজরে আনা হলেও শুধুমাত্র আশ্বাস ছাড়া কিছুই পাওয়া যায়নি। বাধ্য হয়েই এলাকাবাসী আন্দোলনের পথে নেমেছেন। তিনি বলেন, অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়া থেকে শুরু করে নিত্যদিনের যাতায়াত পর্যন্ত মারাত্মক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এলাকাবাসীকে।ঘটনাস্থলে যাত্রাপুর থানার পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানানো হলেও আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কাঁঠালিয়া ব্লকের বিডিও বা সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিক ঘটনাস্থলে এসে তাদের সঙ্গে আলোচনা না করা পর্যন্ত অবরোধ প্রত্যাহার করা হবে না।খবর লেখা পর্যন্ত অবরোধ অব্যাহত ছিল। এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। স্থানীয়দের একটাই দাবি— দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু করে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটানো হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *