Headlines

কিল্লা মোটরস্ট্যান্ডে ফের রক্তাক্ত হামলা! গুরুতর আহত ব্যবসায়ী আখতার, আতঙ্কে এলাকাবাসী

উদয়পুর, ৮ জুন: গোমতী জেলার উদয়পুর মহকুমার কিল্লা মোটরস্ট্যান্ড এলাকায় ফের মারধরের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার রাতে মোটরস্ট্যান্ড সংলগ্ন একটি দোকানের সামনে হামলার শিকার হন মোহাম্মদ আখতার হোসেন নামে এক ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় বর্তমানে তিনি গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, আহত আখতার হোসেনের বাড়ি কিল্লা মুসলিমপাড়া এলাকায়। অভিযোগ, রবিবার রাতে তিনি কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে মোটরস্ট্যান্ড এলাকায় একটি দোকানের সামনে দাঁড়িয়ে সম্প্রতি সংঘটিত এক হামলা ও ছিনতাইয়ের ঘটনা নিয়ে আলোচনা করছিলেন।উল্লেখ্য, কয়েকদিন আগেই একই এলাকায় রাবার ব্যবসায়ী দেলোয়ার হোসেনের ওপর হামলা ও প্রায় দুই লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠে। সেই ঘটনাকে কেন্দ্র করেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল বলে জানা গেছে।অভিযোগ অনুযায়ী, আলোচনা চলাকালীন সময়ে নজরুল মিয়া নামে এক ব্যক্তি সেখানে এসে আখতার হোসেনের ওপর চড়াও হন। তাকে এলোপাতাড়ি মারধর করা হয় এবং শরীরের স্পর্শকাতর স্থানে আঘাত করা হয় বলে অভিযোগ। হামলায় গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আখতার।ঘটনার পর স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীরা দ্রুত তাকে উদ্ধার করে কিল্লা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় তাকে তেপানিয়াস্থ গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।পরপর কয়েক দিনের ব্যবধানে কিল্লা মোটরস্ট্যান্ড এলাকায় একাধিক হামলার ঘটনায় ব্যবসায়ী মহল ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে থানা সংলগ্ন এলাকায় এমন ঘটনা ঘটায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত ব্যক্তি ও তার সহযোগীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।এদিকে, এলাকাবাসী ও ব্যবসায়ীরা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার এবং কিল্লা মোটরস্ট্যান্ড এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *