Headlines

রোগী লাইনে, কর্মীরা রিলে! শান্তিরবাজার জেলা হাসপাতালে ভাইরাল ভিডিও ঘিরে তীব্র বিতর্ক

শান্তিরবাজার, ১২ জুন: সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে এসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন রোগীরা, আর হাসপাতালের ভেতরে এসি কক্ষে বসে হিন্দি গানের তালে রিল ভিডিও তৈরিতে ব্যস্ত কর্মী ও প্রশিক্ষণার্থীরা! এমনই এক বিতর্কিত ভিডিও ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শান্তিরবাজার জেলা হাসপাতালে।সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, “Prasenjit Banik” নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশিত দৃশ্যে হাসপাতালের একটি কক্ষে কয়েকজন কর্মী ও স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণার্থী রোমান্টিক গানের সঙ্গে রিল ভিডিও তৈরি করছেন। দায়িত্বপূর্ণ কর্মস্থলকে যেন মুহূর্তের জন্য পরিণত করা হয়েছে বিনোদনের মঞ্চে।এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। প্রশ্ন উঠছে, সরকারি অর্থে পরিচালিত স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণের উদ্দেশ্য কি দক্ষতা বৃদ্ধি, নাকি সোশ্যাল মিডিয়ার জন্য রিল তৈরির চর্চা?উল্লেখ্য, দক্ষিণ ত্রিপুরার অন্যতম গুরুত্বপূর্ণ স্বাস্থ্য প্রতিষ্ঠান শান্তিরবাজার জেলা হাসপাতাল। একদিকে দক্ষ চিকিৎসকদের সেবায় হাসপাতালটি প্রশংসা কুড়িয়েছে, অন্যদিকে চিকিৎসক অনুপস্থিতি ও পরিষেবা সংক্রান্ত অভিযোগও বারবার সামনে এসেছে। তার মধ্যেই এই ভাইরাল ভিডিও হাসপাতালের প্রশাসনিক দায়িত্ববোধ ও নজরদারি নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।সচেতন মহলের দাবি, হাসপাতালের মতো সংবেদনশীল জায়গায় কর্মরত অবস্থায় এই ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যখন শত শত রোগী চিকিৎসার আশায় হাসপাতালের দ্বারস্থ হন, তখন দায়িত্বে অবহেলার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।এখন নজর হাসপাতাল কর্তৃপক্ষ ও রাজ্য স্বাস্থ্য দপ্তরের দিকে। ভাইরাল হওয়া এই “রিল-কাণ্ডে” জড়িতদের বিরুদ্ধে আদৌ কোনো কড়া পদক্ষেপ নেওয়া হবে, নাকি অন্যান্য বিতর্কের মতো ঘটনাটিও সময়ের সঙ্গে ধামাচাপা পড়ে যাবে— সেই উত্তরই খুঁজছে শান্তিরবাজারবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *