Headlines

লাটিয়াপুরা সীমান্তে বিএসএফের গুলি, নিহত বাংলাদেশি চোরাকারবারি

কৈলাসহর, ১৩ জুন: উত্তর ত্রিপুরার কৈলাসহর মহকুমার ইরানি থানাধীন লাটিয়াপুরা ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান প্রতিরোধকে কেন্দ্র করে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বিএসএফের লাটিয়াপুরা বিএওপি এলাকার সীমান্ত পিলার নং ১৮৫২/১৪-এস সংলগ্ন আন্তর্জাতিক সীমান্তে এই ঘটনা ঘটে।বিএসএফ সূত্রে জানা যায়, সন্ধ্যা আনুমানিক ৫টা ৪৫ মিনিট থেকে ৬টা ১৫ মিনিটের মধ্যে ১০ থেকে ১২ জনের একটি বাংলাদেশি চোরাকারবারি দল বার্মিজ সিগারেট নিয়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করে। কর্তব্যরত বিএসএফ জওয়ানরা তাদের একাধিকবার থামার নির্দেশ ও সতর্কবার্তা দিলেও তারা তা অমান্য করে এগিয়ে যেতে থাকে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিএসএফ সদস্যরা একটি INSAS রাইফেল থেকে দুই রাউন্ড গুলি ছোড়েন। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক বাংলাদেশি নাগরিকের। নিহতের পরিচয় হিসেবে জানা গেছে, তার নাম মজিদ আলী (৩০)। তিনি বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম আজিব আলী।ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। তবে এই ঘটনাকে ঘিরে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।সীমান্তে চোরাচালান রুখতে বিএসএফের এই পদক্ষেপ নতুন করে সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার নিয়ে নানা প্রশ্নেরও জন্ম দিয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *