Headlines

লেফুঙ্গায় তিপ্রা মথার ঝড়! ৮০ আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়

লেফুঙ্গা: এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফল ঘোষণার দিনে মোহনপুর মহকুমার লেফুঙ্গা ব্লকে দেখা গেল তিপ্রা মথার একতরফা জয়। ব্লকের ১০টি ভিলেজ কমিটির মোট ৮০টি আসনে বিজেপি-সহ বিরোধী রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে কোনো মনোনয়ন জমা না পড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন তিপ্রা মথা মনোনীত প্রার্থীরা।সোমবার, ৫ অক্টোবর লেফুঙ্গা কমিউনিটি হলে বিজয়ী প্রার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসির যুবনেতা তথা নবনির্বাচিত মুখ্য কার্যনির্বাহী সদস্য (CEM) রুনিয়েল দেববর্মা, তিপ্রা মথার ব্লক কমিটির সভাপতি দীপক দেববর্মা, রিটার্নিং অফিসার প্রসেনজিৎ ভৌমিক-সহ বিজয়ী প্রার্থী ও দলীয় কর্মী-সমর্থকরা।বিজয়ী প্রার্থীদের সার্টিফিকেট প্রদানকে ঘিরে এদিন লেফুঙ্গায় উৎসবের পরিবেশ তৈরি হয়। আনন্দে মাতেন প্রার্থী, দলীয় কর্মী ও সমর্থকরা।নির্বাচন প্রক্রিয়া নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত প্রতিক্রিয়া জানান রিটার্নিং অফিসার প্রসেনজিৎ ভৌমিক। অন্যদিকে, লেফুঙ্গা ব্লকের ১০টি ভিলেজ কমিটির ৮০টি আসনেই তিপ্রা মথার প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়কে দলের সাংগঠনিক শক্তির প্রতিফলন বলে দাবি করেন স্থানীয় নেতৃত্ব।এদিন প্রতিক্রিয়া দিতে গিয়ে নবনির্বাচিত CEM রুনিয়েল দেববর্মা গোটা রাজ্যে তিপ্রা মথার জয়ের জন্য দলের প্রতিষ্ঠাতা ‘বুবাগ্রা’কে ধন্যবাদ জানান। নিজের এলাকায় সবকটি ভিলেজ কমিটিতে প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের জন্যও তিনি দলীয় কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।আগামী দিনেও জনজাতি মানুষের সুবিধা-অসুবিধা, ভালো-মন্দ সব পরিস্থিতিতে পাশে থেকে তাঁদের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতিও দেন রুনিয়েল দেববর্মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *