সোনামুড়া, ৫ আগস্ট: দীর্ঘদিনের শিক্ষক সংকটের প্রতিবাদে এবার রাস্তায় নামল পড়ুয়ারাই। নলছড় বিধানসভা কেন্দ্রের জোলাইবাড়ি স্কুলে পর্যাপ্ত শিক্ষক নিয়োগের দাবিতে বুধবার সোনামুড়া–তক্সাপাড়া সড়ক অবরোধ করে ছাত্রছাত্রী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক না থাকায় নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। এর ফলে শিক্ষার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে।বিক্ষোভকারীরা দ্রুত শিক্ষক নিয়োগের দাবি জানিয়ে সড়ক অবরোধে সামিল হন। অবরোধের জেরে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।খবর পেয়ে প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা শুরু করে। আন্দোলনকারীদের দাবি, অবিলম্বে শিক্ষক নিয়োগের বিষয়ে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।
শিক্ষকের দাবিতে কচিকাঁচাদের পথ অবরোধ! জোলাইবাড়ি স্কুল ঘিরে উত্তেজনা সোনামুড়ায়
