খোয়াই: দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটে ভুগছে খোয়াইয়ের লালছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাতঃ বিভাগ। শিক্ষক সংকট নিরসনের দাবিতে বৃহস্পতিবার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে ডেপুটেশন প্রদান করে ভারতের ছাত্র ফেডারেশন (SFI), খোয়াই বিভাগীয় কমিটি।ডেপুটেশন দিতে গিয়ে সংগঠনের নেতাকর্মীরা বিদ্যালয়ের বাস্তব চিত্র দেখে উদ্বেগ প্রকাশ করেন। জানা যায়, প্রথম থেকে পঞ্চম শ্রেণির পড়ুয়াদের একসঙ্গে একটি ঘরে বসিয়ে মাত্র একজন শিক্ষককে পাঠদান করতে হচ্ছে। বিদ্যালয়ে প্রায় ৪০ জন ছাত্রছাত্রীর জন্য শিক্ষক রয়েছেন মাত্র দু’জন। তাঁদের মধ্যে একজন প্রায়শই অসুস্থ থাকায় কার্যত একজন শিক্ষককেই অধিকাংশ দায়িত্ব সামলাতে হচ্ছে।শুধু পাঠদান নয়, ছাত্রছাত্রীদের দেখাশোনার পাশাপাশি বিদ্যালয়ের বিভিন্ন দাপ্তরিক কাজও করতে হচ্ছে ওই শিক্ষককে। এমনকি জনগণনার কাজে তিনি ব্যস্ত থাকাকালীন ছাত্রছাত্রীদের নিয়মিত ক্লাসও ব্যাহত হয়েছে বলে অভিযোগ করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।অভিযোগ, গত চার-পাঁচ বছর ধরে বিদ্যালয়ে এই গুরুতর শিক্ষক সংকট চলছে। একাধিকবার বিদ্যালয়ের পরিদর্শক ও জেলা শিক্ষা আধিকারিকের কাছে বিষয়টি জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে দাবি সংগঠনের।SFI খোয়াই বিভাগীয় কমিটির পক্ষ থেকে বলা হয়, খোয়াই শহরের অন্যতম বনেদি ও পরিচিত শিক্ষা প্রতিষ্ঠান লালছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে যদি এমন পরিস্থিতি তৈরি হয়, তাহলে অন্যান্য বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থার অবস্থা নিয়েও প্রশ্ন ওঠে। দ্রুত শিক্ষক নিয়োগ করে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানানো হয়।এদিন ডেপুটেশনে উপস্থিত ছিলেন সংগঠনের খোয়াই বিভাগীয় সম্পাদক সাগর পাল, সভানেত্রী সায়ন্তিকা দেব, বিভাগীয় সম্পাদকমণ্ডলীর সদস্য সৌরভ শীলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শিক্ষক মাত্র ২, ছাত্র ৪০! লালছড়া স্কুলে তীব্র শিক্ষক সংকট
