কৈলাসহর: শহর এলাকায় ১৭ বছরের এক নাবালিকাকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কৈলাসহরের গোবিন্দপুর এলাকায়। অভিযোগ, বুধবার রাতে বাড়ি ফেরার পথে স্পোর্টস অফিস সংলগ্ন এলাকায় এক যুবক পিছন থেকে নাবালিকার মুখ চেপে ধরে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। প্রতিরোধ করতে গিয়ে নাবালিকা যুবকের হাতে কামড় দিলে সে হাত সরিয়ে নেয়। এরপর নাবালিকার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে অভিযুক্ত যুবককে ধরে ফেলে।স্থানীয়দের দাবি, রাত সাড়ে ১০টা নাগাদ মহিলা থানায় খবর দেওয়া হলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে দীর্ঘ সময় নেয়। প্রায় এক ঘণ্টারও বেশি সময় পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে যায় বলে অভিযোগ।পরবর্তীতে নাবালিকা ও তার পরিবারের পক্ষ থেকে মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তবে পরিবারের অভিযোগ, থানায় যাওয়ার পর নাবালিকার সঙ্গে মহিলা থানার ওসি অশোভন আচরণ করেন এবং তার রাতের বেলায় বাইরে থাকার কারণ নিয়ে প্রশ্ন তোলেন। এমনকি অভিযোগটি মিথ্যা বলেও দাবি করা হয়েছিল বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। প্রথমে মামলা নিতে পুলিশ অনীহা প্রকাশ করলেও পরে মামলা নথিভুক্ত করা হয় বলে জানা গেছে।মামলাটি KLS/WPS/26/2026 নম্বরে নথিভুক্ত হয়েছে। পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে BNS-এর 74 নম্বর ধারা এবং POCSO আইনের 8 নম্বর ধারা প্রয়োগ করেছে বলে জানা গেছে। বুধবার রাতে অভিযুক্তের কৈলাসহর রাজীব গান্ধী মহকুমা হাসপাতালে মেডিকেল পরীক্ষা করা হয়। বৃহস্পতিবার তাকে কৈলাসহর আদালতে পাঠানো হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবক রাজস্থানের বাসিন্দা এবং গোবিন্দপুরে নির্মীয়মাণ ইন্ডোর স্টেডিয়ামে কাজ করতে সম্প্রতি কৈলাসহরে এসেছিল।অন্যদিকে, নাবালিকার পরিবারের পক্ষ থেকে মহিলা থানার পুলিশের ভূমিকা নিয়েও গুরুতর অভিযোগ তোলা হয়েছে। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। পুরো ঘটনার পাশাপাশি পুলিশি ভূমিকা নিয়েও তদন্তের দাবি উঠেছে।
কৈলাসহরে নাবালিকাকে অপহরণের অভিযোগ, মহিলা থানার ভূমিকা নিয়ে প্রশ্ন
