খোয়াইয়ের গণকী জগন্নাথ আশ্রম সংলগ্ন এলাকায় গভীর রাতে এক বাড়িতে অগ্নিকাণ্ডকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার রাত আনুমানিক দেড়টা নাগাদ স্থানীয় বাসিন্দা সঞ্জয় দাসের বসতঘরের পাশে থাকা একটি ছোট ঘরে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়।পরিবারের সদস্যরা আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। খবর দেওয়া হয় দমকল দপ্তরে। পরে দমকল কর্মী ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।অগ্নিকাণ্ডে ছোট ঘরটির ভিতরে থাকা বেশ কিছু সামগ্রী পুড়ে যায়। তবে ঘরটির দুই পাশে থাকা দুটি বড় বসতঘরেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায় সঞ্জয় দাসের পরিবার।অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। তবে বাড়ির মালিক সঞ্জয় দাসের অভিযোগ, ঘটনাটি পরিকল্পিত বা উদ্দেশ্যপ্রণোদিত অগ্নিসংযোগ হতে পারে। ঘটনার তদন্তের দাবিতে খোয়াই থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।
গণকীতে গভীর রাতে আগুন, অল্পের জন্য রক্ষা সঞ্জয় দাসের বাড়ি
