Headlines

‘শিক্ষা ও কাজের দাবিতে, নেশার বিরুদ্ধে লড়াই’— ডুকলিতে ডিওয়াইএফআই-এর বিভাগীয় কনভেনশন, মনুশ্রীর পরিবারকে আর্থিক সহায়তা

আগরতলা: শিক্ষা, কর্মসংস্থান এবং নেশামুক্ত সমাজ গড়ার আহ্বানকে সামনে রেখে বড়দোয়ালি কৃষ্টি ভবনে অনুষ্ঠিত হলো ডিওয়াইএফআই-এর ডুকলি বিভাগীয় কমিটির কনভেনশন। ‘শিক্ষা ও কাজের দাবিতে, নেশার বিরুদ্ধে লড়াই তীব্র করুন— ডিওয়াইএফআই-এর সদস্য হোন’— এই স্লোগানকে কেন্দ্র করে আয়োজিত কনভেনশনে বিপুল সংখ্যক যুবক-যুবতীর উপস্থিতি লক্ষ্য করা যায়।ডুকলি বিভাগীয় কমিটির সভাপতি গৌতম ঘোষ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কনভেনশনে বক্তব্য রাখেন ডিওয়াইএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিমগ্নরাজ ভট্টাচার্য, রাজ্য সম্পাদক নবারুণ দেব, সর্বভারতীয় নেতা সপ্তর্ষি দেব, পশ্চিমবঙ্গের যুব নেত্রী সোনামনি টুডু এবং ডুকলি বিভাগীয় কমিটির সম্পাদক শুভংকর মজুমদার।বক্তারা যুব সমাজের শিক্ষা, কর্মসংস্থান, সামাজিক ন্যায়বিচার এবং মাদকবিরোধী আন্দোলনকে আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী করতে যুবসমাজকে ডিওয়াইএফআই-এর সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান।কনভেনশনে উপস্থিত অতিথিদের শহিদ ভগৎ সিং-এর প্রতিকৃতি সম্বলিত স্মারক উপহার দিয়ে সম্মান জানানো হয়।এদিন মানবিক উদ্যোগের অংশ হিসেবে হাপানিয়া এলাকার অসুস্থ শিশু মনুশ্রী চৌধুরীর চিকিৎসার জন্য তাঁর পরিবারের হাতে আর্থিক সহায়তাও তুলে দেওয়া হয়। এই উদ্যোগকে উপস্থিত সকলেই সাধুবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *