আগরতলা, ২০ জুন: বায়ু টেকনোলজি ডিপার্টমেন্টে সরকারি অর্থ জালিয়াতির অভিযোগে চলমান তদন্তে আরও এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম সঞ্জীব দেব। তাঁর বাড়ি উজান অভয়নগর এলাকায় বলে জানা গেছে।পুলিশ সূত্রে খবর, শুক্রবার গভীর রাতে এনসিসি থানার পুলিশ অভিযান চালিয়ে সঞ্জীব দেবকে গ্রেফতার করে। সরকারি অর্থ আত্মসাৎ ও জালিয়াতি সংক্রান্ত মামলায় তাঁর বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।এই ঘটনায় ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ এবং মামলার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের মতে, সরকারি অর্থের অপব্যবহার ও আর্থিক অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে একাধিক ব্যক্তির ভূমিকা সামনে আসছে।এনসিসি মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) সুব্রত বর্মন সংবাদমাধ্যমকে জানান, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি আরও জানান, এই মামলায় জড়িত অন্যদের ভূমিকা নিয়েও তদন্ত চলছে।ধৃতকে আদালতে তোলা হবে এবং পুলিশি হেফাজতের আবেদন জানানো হতে পারে বলে সূত্রের খবর। ঘটনাটি ঘিরে প্রশাসনিক মহল ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চর্চা শুরু হয়েছে।
“সরকারি অর্থ জালিয়াতি কাণ্ডে আরও এক গ্রেফতার, এনসিসি পুলিশের জালে সঞ্জীব দেব”
