নিজস্ব প্রতিনিধি | আগরতলা | ২৭ জুলাইসিএইচও (কমিউনিটি হেলথ অফিসার) নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজ্যের চাকরিপ্রার্থীদের মধ্যে ক্ষোভ আরও তীব্র হয়েছে। অভিযোগের সুষ্ঠু তদন্ত ও উপযুক্ত পদক্ষেপের দাবিতে সোমবার একদল চাকরিপ্রার্থী ফের জাতীয় স্বাস্থ্য মিশন (এনএইচএম) কার্যালয়ে যান।চাকরিপ্রার্থীদের অভিযোগ, প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে তারা আগেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। কিন্তু এখনও পর্যন্ত সন্তোষজনক কোনো পদক্ষেপ বা স্পষ্ট ব্যাখ্যা না পাওয়ায় তারা পুনরায় এনএইচএম কার্যালয়ে গিয়ে বিষয়টি উত্থাপন করেন।বেকার যুবক-যুবতীদের দাবি, কর্তৃপক্ষের কাছ থেকে যে জবাব তাঁরা পেয়েছেন, তাতে তাঁরা সন্তুষ্ট নন। তাঁদের মতে, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা প্রকাশ্যে আনা এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। পাশাপাশি পরীক্ষার স্বচ্ছতা ও যোগ্য প্রার্থীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও দাবি জানিয়েছেন তাঁরা।চাকরিপ্রার্থীরা সতর্ক করে জানিয়েছেন, তাঁদের দাবির বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে আগামী দিনে বৃহত্তর গণআন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন।
সিএইচও নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে ক্ষোভ, ফের এনএইচএম কার্যালয়ে বিক্ষোভ বেকারদের
