বিধানসভায় কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনকে বহিষ্কারের ঘটনায় তীব্র প্রতিবাদ জানাল প্রদেশ কংগ্রেস। সোমবার কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে প্রদেশ সভাপতি আশীষ কুমার সাহা এই বহিষ্কারকে অন্যায় ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেন।আশীষ সাহার দাবি, বিধানসভায় প্রয়াত ডিজিপি অনুরাগ ধ্যানকরের অস্বাভাবিক মৃত্যু নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছিলেন সুদীপ রায় বর্মন। কথিত সুইসাইড নোট কেন প্রকাশ্যে আনা হয়নি এবং তদন্তে কোনও গাফিলতি হয়েছে কি না—তা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছিল বলে জানান তিনি।ডিজিপির মৃত্যুর ঘটনায় কোনও চাপ বা প্ররোচনার বিষয় রয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় আনার দাবি জানান প্রদেশ কংগ্রেস সভাপতি। তাঁর অভিযোগ, এসব প্রশ্ন বিধানসভায় তোলার পরই সুদীপ রায় বর্মনকে দিনের জন্য বহিষ্কার করা হয়েছে।এদিকে ডিজিপির মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রী ড. মানিক সাহার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন আশীষ সাহা এবং তাঁর পদত্যাগ দাবি করেন। পাশাপাশি সুদীপ রায় বর্মনের পাশে থাকার বার্তা দিয়ে ডিজিপির মৃত্যুর সঠিক ও নিরপেক্ষ তদন্তের দাবিতে আগামী দিনে আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি দেন তিনি।
সুদীপ বর্মনের বহিষ্কারে সরব কংগ্রেস, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি আশীষ সাহার
