Headlines

সূর্যমণি নগরে শ্যামাপ্রসাদ মুখার্জিকে স্মরণে প্রভাত ফেরি, কুইজে বিজয়ীদের পুরস্কৃত করলেন রামপ্রসাদ পাল

ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবস উপলক্ষে ১৮ সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রে আয়োজিত ধারাবাহিক প্রভাত ফেরি কর্মসূচি বৃহস্পতিবারও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। ত্রিপুরা বিধানসভার উপ-অধ্যক্ষ তথা এলাকার বিধায়ক রামপ্রসাদ পালের তত্ত্বাবধানে গত ২৩ জুন থেকে শুরু হওয়া এই কর্মসূচি আগামী ১০ জুলাই পর্যন্ত চলবে।বৃহস্পতিবার সকালে কাঠালতলী এলাকা থেকে শুরু হওয়া প্রভাত ফেরিতে প্রায় ৪০০ থেকে ৫০০ মানুষ অংশগ্রহণ করেন। দেশাত্মবোধক স্লোগান ও শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শের বার্তা তুলে ধরে মিছিলটি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে কমিউনিটি হলে গিয়ে শেষ হয়।পরবর্তীতে কমিউনিটি হল প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সভায় ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন, আদর্শ ও দেশসেবামূলক কর্মকাণ্ড নিয়ে বক্তব্য রাখেন রামপ্রসাদ পাল। এছাড়াও উপস্থিত সাধারণ মানুষের জন্য শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন ও কর্মভিত্তিক একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের প্রত্যেককে ৫০০ টাকা করে পুরস্কার প্রদান করা হয়।সভায় বক্তব্য রাখতে গিয়ে রামপ্রসাদ পাল বলেন, ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন একজন আদর্শবান, সাহসী ও দেশপ্রেমিক নেতা। তিনি দাবি করেন, তৎকালীন সময়ে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হতে হয়েছিল শ্যামাপ্রসাদ মুখার্জিকে। পাশাপাশি তিনি বলেন, “এক দেশ, এক নিশান”–এর যে ভাবনা ডঃ মুখার্জি তুলে ধরেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ সেই লক্ষ্য বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৩ জুন থেকে শুরু হওয়া এই প্রভাত ফেরি কর্মসূচি আগামী ১০ জুলাই পর্যন্ত সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *