Headlines

সোনামুড়ায় শুরু সহায়ক মূল্যে ধান ক্রয়, কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতের বার্তা

সোনামুড়া, ১৩ জুলাই: কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমায় সরকারি উদ্যোগে সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচি সোমবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ধনপুরে আয়োজিত এক অনুষ্ঠানে কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক বিন্দু দেবনাথ।উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক বলেন, রাজ্য সরকারের লক্ষ্য কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং তাঁদের আর্থিক স্বার্থ সুরক্ষিত রাখা। এই কর্মসূচির মাধ্যমে কৃষকরা সরাসরি সরকারের কাছে ধান বিক্রি করতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরশীলতা কমবে এবং কৃষকরা তাঁদের উৎপাদিত ধানের প্রকৃত মূল্য পাবেন।উদ্বোধনের পরই নির্ধারিত সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের কাজ শুরু হয়। উপস্থিত কৃষকরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সময়মতো ধান সংগ্রহ ও দ্রুত অর্থপ্রদানের দাবি জানান।অনুষ্ঠানে খাদ্য দপ্তর ও কৃষি দপ্তরের আধিকারিক, জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তাসহ এলাকার বহু কৃষক উপস্থিত ছিলেন।কাঠালিয়া কৃষি মহকুমার তত্ত্বাবধায়ক রিপন সরকার জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী জেলার বিভিন্ন ধান সংগ্রহ কেন্দ্রে পর্যায়ক্রমে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান কেনা হবে। পাশাপাশি কৃষকদের জন্য রাজ্য সরকারের বিভিন্ন কৃষি-সহায়তা প্রকল্পের সুবিধাও সময়মতো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।রাজ্য সরকারের এই উদ্যোগে জেলার কৃষকদের মধ্যে ইতিবাচক সাড়া মিলেছে। তাঁদের আশা, এ ধরনের কর্মসূচি নিয়মিত চালু থাকলে কৃষি উৎপাদনে আরও উৎসাহ বাড়বে এবং কৃষকদের আর্থিক অবস্থার উন্নতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *