আগরতলা, ১৩ জুলাই: টানা ভারী বৃষ্টির জেরে পশ্চিম ত্রিপুরার কাটাখাল বেড়িবাঁধ এবং দুর্গাচৌমুহনী থেকে প্রগতি এলাকার পেছনের সড়কের কিছু অংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় জরুরি সতর্কতা জারি করেছে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন।পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ড. বিশাল কুমার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, জনসাধারণের নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাটাখাল বেড়িবাঁধ এবং দুর্গাচৌমুহনী–প্রগতি ব্যাকসাইড রোড ব্যবহার না করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের ফলে সংশ্লিষ্ট এলাকার রাস্তা ও বাঁধের কিছু অংশ দুর্বল ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তাই যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে নাগরিকদের বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।প্রশাসন আরও জানিয়েছে, পরিস্থিতির ওপর নিয়মিত নজরদারি চালানো হচ্ছে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলির মাধ্যমে প্রয়োজনীয় মেরামতি ও সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী নির্দেশ জারি করা হবে।জেলা প্রশাসন সকল নাগরিককে অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে প্রশাসনের নির্দেশিকা মেনে চলার আহ্বান জানিয়েছে।
ভারী বৃষ্টিতে ঝুঁকিপূর্ণ কাটাখাল বাঁধ, জরুরি সতর্কতা জারি জেলা প্রশাসনের
