আসন্ন শারদীয় দুর্গোৎসবকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে সোনামুড়ায় পুজো উদ্যোক্তাদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার সোনামুড়া টাউন হলের কনফারেন্স হলে এই বৈঠকের আয়োজন করা হয়।সোনামুড়া থানার ওসি তাপস দাসের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে বিভিন্ন ক্লাব ও দুর্গাপুজোর আয়োজক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জানা গেছে, চলতি বছরে সোনামুড়া থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় ৫৫টিরও বেশি ছোট, মাঝারি ও বড় দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে।বৈঠকে পুজো চলাকালীন সাধারণ মানুষ ও পুজো উদ্যোক্তাদের যাতে কোনও সমস্যার সম্মুখীন হতে না হয়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রশাসনের জারি করা নির্দেশিকা ও নিয়মকানুন যথাযথভাবে মেনে চলার জন্য পুজো উদ্যোক্তাদের আহ্বান জানান ওসি তাপস দাস। পাশাপাশি এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সকলকে উৎসবের আনন্দে সামিল হওয়ার আহ্বান জানান তিনি।বৈঠক শেষে ওসি তাপস দাস জানান, দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত। পুলিশের পাশাপাশি টিএসআর এবং সাদা পোশাকের জওয়ানদেরও বিভিন্ন এলাকায় মোতায়েন করা হবে। এছাড়া যানবহুল ও জনসমাগমপূর্ণ এলাকায় সিসিটিভি ক্যামেরা এবং পুলিশ সহায়তা কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সোনামুড়ায় ৫৫টির বেশি দুর্গাপুজো, শান্তিপূর্ণ উৎসবে কড়া নিরাপত্তার প্রস্তুতি পুলিশের
