বিদ্যালয় সংলগ্ন এলাকায় নেশাজাতীয় সামগ্রীর বিক্রি বন্ধে সচেতনতা অভিযান চালাল খোয়াই মহকুমা প্রশাসন। খোয়াই মহকুমা শাসক কার্যালয়ের উদ্যোগে আজ দুপুর ১২টায় খোয়াই সুভাষ পার্ক সরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।অভিযানে মহকুমা প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের সরকারি কর্মীরা অংশ নেন। তাঁরা বিদ্যালয়ের আশপাশের এলাকা এবং সংলগ্ন বিভিন্ন দোকান পরিদর্শন করেন।প্রশাসনের পক্ষ থেকে দোকানদারদের স্পষ্টভাবে জানানো হয়, বিদ্যালয়ের ১০০ মিটারের মধ্যে কোনও ধরনের নেশাজাতীয় সামগ্রী রাখা বা বিক্রি করা যাবে না। বিশেষ করে পানমশলা, গুটকা, সিগারেটসহ বিভিন্ন তামাকজাতীয় পণ্য বিক্রির বিষয়ে দোকানদারদের সতর্ক করা হয়।শিক্ষার্থীদের নেশার ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখা এবং বিদ্যালয় সংলগ্ন পরিবেশ নিরাপদ রাখার লক্ষ্যেই এই উদ্যোগ বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।কর্মসূচি শেষে অভিযানের উদ্দেশ্য ও প্রশাসনের পদক্ষেপ নিয়ে প্রতিক্রিয়া জানান ডেপুটি কালেক্টর সঞ্জয় চৌধুরী। আগামী দিনেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে।
স্কুলের ১০০ মিটারে নেশাজাতীয় পণ্য নয়! খোয়াইয়ে প্রশাসনের সচেতনতা অভিযান
