হাইলাকান্দি, ১ জুলাই: নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় করা এবং বেসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয় বাড়ানোর লক্ষ্যে হাইলাকান্দি ও শ্রীভূমি জেলার শীর্ষ প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন আসাম রাইফেলসের রাধানগর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট।বৈঠকে হাইলাকান্দির পুলিশ সুপার অমিতাভ সিনহা (এপিএস), জেলা শাসক জয় বিকাশ (আইএএস), শ্রীভূমির পুলিশ সুপার লীনা দোলে (এপিএস) এবং জেলা শাসক প্রদীপ কুমার দ্বিবেদী (আইএএস)-এর সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।আলোচনায় বর্তমান নিরাপত্তা পরিস্থিতি, সীমান্ত ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা রক্ষা, শান্তি বজায় রাখা এবং আসাম রাইফেলস ও জেলা প্রশাসনের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি তথ্য আদান-প্রদান, যৌথভাবে জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নিয়েও বিস্তারিত আলোচনা হয়।সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে আসাম রাইফেলস ও জেলা প্রশাসন শান্তি, স্থিতিশীলতা এবং সাধারণ মানুষের সার্বিক কল্যাণে একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।আসাম রাইফেলসের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের নিয়মিত সমন্বয় বৈঠক পারস্পরিক আস্থা বৃদ্ধি করার পাশাপাশি নিরাপত্তা ও উন্নয়নমূলক চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভূমিকা পালন করবে।
হাইলাকান্দি-শ্রীভূমিতে প্রশাসনের সঙ্গে বৈঠকে আসাম রাইফেলস, নিরাপত্তা ও সীমান্ত ব্যবস্থাপনায় জোর
