কৈলাসহরের ঊনকোটি জেলা হাসপাতালে ফের সামনে এল চিকিৎসা পরিষেবার বেহাল চিত্র। অভিযোগ, হাসপাতালে ভর্তি হওয়ার ৬ থেকে ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও অনেক রোগীকে দেখতে আসছেন না মেডিসিন বিভাগের চিকিৎসকরা। ফলে চিকিৎসার অপেক্ষায় চরম দুর্ভোগে পড়ছেন রোগী ও তাঁদের পরিজনরা।এমনই অভিযোগ উঠেছে পেচারতলের জহর নবোদয় বিদ্যালয়ের ১৩ বছরের এক নাবালিকাকে ঘিরে। পরিবারের দাবি, বৃহস্পতিবার গভীর রাতে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গিয়ে মেডিসিন বিভাগে ভর্তি করা হলেও শুক্রবার দুপুর পর্যন্ত কোনো চিকিৎসক তাকে দেখতে আসেননি।অন্যদিকে, শুক্রবার ভোরে স্ট্রোকে আক্রান্ত ৮০ বছরের এক বৃদ্ধাকেও হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর পরিবারের অভিযোগ, প্রায় ছয় ঘণ্টা পরও কোনো মেডিসিন বিশেষজ্ঞ তাঁকে দেখতে আসেননি।হাসপাতালের মেডিকেল সুপারিন্টেন্ডেন্ট ডা. রোহন পাল চিকিৎসক সংকটের বিষয়টি স্বীকার করেছেন। তাঁর দাবি, মেডিসিন বিভাগের তিন বিশেষজ্ঞের মধ্যে একজন উচ্চশিক্ষার জন্য বাইরে, একজন পারিবারিক কারণে ছুটিতে এবং অন্যজন দীর্ঘদিন ধরে ছুটিতে রয়েছেন। বিষয়টি স্বাস্থ্য দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে বলেও জানান তিনি।চিকিৎসক সংকটে জেলার প্রধান হাসপাতালের পরিষেবা ব্যাহত হওয়ায় ক্ষুব্ধ রোগী ও তাঁদের পরিজনরা। দ্রুত চিকিৎসক নিয়োগ করে পরিষেবা স্বাভাবিক করার দাবি উঠেছে।
১২ ঘণ্টাতেও চিকিৎসক নেই! ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসক সংকটে রোগীদের দুর্ভোগ
