নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৬ জুন :ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সুশাসন, উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের গৌরবময় অধ্যায়কে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা জেলাজুড়ে আয়োজিত তিন দিনব্যাপী বিশেষ ‘জনকল্যাণ শিবির’ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। শান্তিরবাজারের মুকুট অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত এই শিবিরে বিভিন্ন সরকারি পরিষেবা এক ছাদের নিচে পৌঁছে দেওয়ার উদ্যোগকে স্বাগত জানান জেলার বাসিন্দারা।মঙ্গলবার সকাল ১১টায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি গত ১২ বছরে দেশের উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি এবং বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরার জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি এবং শান্তিরবাজারের মহকুমা শাসক তরুণ কান্তি সরকার। তাঁরা সরকারি পরিষেবাকে আরও সহজ ও স্বচ্ছভাবে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।শিবিরে কৃষি, বন, পুলিশ, মোটর ভেহিকেলস, ডিজাস্টার ম্যানেজমেন্টসহ বিভিন্ন সরকারি দপ্তরের স্টল মানুষের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের নাম নথিভুক্তকরণ ও তাৎক্ষণিক পরিষেবা প্রদান শিবিরের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি মাতৃমঙ্গল যোজনা সহ নারী ও শিশু কল্যাণ দপ্তরের পরিষেবা গ্রহণেও সাধারণ মানুষের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়।প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে সরাসরি কথা বলে নিজেদের সমস্যা ও প্রয়োজনের কথা তুলে ধরার সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপভোক্তারা। জনমুখী এই উদ্যোগকে দক্ষিণ ত্রিপুরার মানুষের কল্যাণে প্রশাসনের এক উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে দেখছেন অনেকেই।তিন দিনব্যাপী সফল এই জনকল্যাণ শিবিরের সমাপ্তিতে প্রশাসনের পক্ষ থেকে অংশগ্রহণকারী সকল নাগরিককে ধন্যবাদ জানানো হয়। দক্ষিণ ত্রিপুরায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেই আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
১২ বছরের সুশাসনের বার্তা পৌঁছাল জনতার দোরগোড়ায়, দক্ষিণ ত্রিপুরায় জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড়
