আগরতলা: কয়েকদিনের টানাপোড়েনের পর অবশেষে ১৩ বছরের নাবালিকা অপহরণের অভিযোগে অভিযুক্ত জনি দেববর্মাকে গ্রেফতার করল আমতলী থানার পুলিশ। বৃহস্পতিবার আমতলী থানার ওসি ইন্সপেক্টর রানা চ্যাটার্জি এবং মামলার তদন্তকারী অফিসার এএসআই গোপাল দাসের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ১০-১২ দিন আগে আমতলী থানার কাঞ্চনমালা এলাকার ১৩ বছরের এক নাবালিকা নিখোঁজ হয়। পরিবারের অভিযোগ, তেলিয়ামুড়া থানার খাসিয়ামঙ্গল দয়ারাম পাড়া এলাকার বাসিন্দা রবি দেববর্মার ছেলে জনি দেববর্মা তাকে অপহরণ করে নিয়ে যায়। এরপর নাবালিকার বাবা আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। অভিযুক্তের বাড়িতে অভিযান চালানো হলেও সে পালিয়ে যায়। পরবর্তীতে প্রায় তিনদিন আগে অভিযুক্তের বাড়ি থেকে নাবালিকাকে উদ্ধার করা হয় এবং জনি দেববর্মাকে তেলিয়ামুড়া থানায় আটক করা হয় বলে জানা গেছে।তবে পরিবারের অভিযোগ, তেলিয়ামুড়া থানায় অভিযুক্তকে আটক করার পরও তাকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনাকে ঘিরে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে। এরপর আমতলী থানার পুলিশ ফের তদন্ত এগিয়ে নিয়ে বৃহস্পতিবার জনি দেববর্মাকে গ্রেফতার করে।পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে অপহরণের মামলা নথিভুক্ত করা হয়েছে। তবে শুক্রবার পর্যন্ত পকসো আইনে মামলা যুক্ত করা হয়নি বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, শুক্রবার দুপুরে হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নাবালিকার মেডিকেল পরীক্ষা করা হয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনি ধারা যুক্ত করা হতে পারে।এদিকে শনিবার আদালতে নাবালিকার জবানবন্দি রেকর্ড করা হতে পারে বলেও পুলিশ সূত্রে জানা গেছে। শুক্রবার দুপুরেই ধৃত জনি দেববর্মাকে আদালতে পাঠানো হয়েছে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। নাবালিকার পরিবারের পাশাপাশি বিভিন্ন মহল থেকে অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
১৩ বছরের নাবালিকা অপহরণ: অবশেষে অভিযুক্ত জনি দেববর্মা গ্রেফতার
