জিরানিয়া মহকুমার জিরানিয়া ব্লকের বড়জলা গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের হরি সর্দার পাড়া হয়ে এনআইটি যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে। তার উপর ওই রাস্তা দিয়ে নিয়মিত ভারী যানবাহন চলাচল করায় আরও দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।রাস্তা দ্রুত সংস্কার এবং টিপার, বড় ইটবাহী গাড়ি ও অন্যান্য ভারী পণ্যবাহী যান চলাচল বন্ধের দাবিতে শুক্রবার রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধে সামিল হন এলাকাবাসী। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার সংস্কার না হওয়ায় যাতায়াতে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে তাঁদের। ভারী যান চলাচলের কারণে রাস্তার পরিস্থিতি আরও খারাপ হচ্ছে বলেও দাবি তাঁদের।অবরোধকারীরা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সংশ্লিষ্ট দপ্তরের কাছে দ্রুত রাস্তা মেরামতের পাশাপাশি এই সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ করার দাবি জানান। তাঁদের বক্তব্য, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন তাঁরা।
বেহাল রাস্তা, নিত্য ভোগান্তি! ভারী যান চলাচল বন্ধের দাবিতে অবরোধ
