Headlines

১ মাস ২০ দিন পর খুলল মাতা ত্রিপুরা সুন্দরীর প্রণামী বাক্স, মিলল বিদেশি মুদ্রাও!

দীর্ঘ ১ মাস ২০ দিন পর শুক্রবার খোলা হলো উদয়পুরের ঐতিহ্যবাহী মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের প্রণামী বাক্স ও সিন্দুক। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে থাকা মোট ১৭টি সিন্দুক ও প্রণামী বাক্স খোলার পর শুরু হয় অর্থ গণনার কাজ। দিনভর চলে এই গণনা প্রক্রিয়া।গোমতী জেলাশাসক কার্যালয়ের ডেপুটি কালেক্টর চন্দ্রশেখর চট্টোপাধ্যায় জানান, প্রণামী বাক্স থেকে ভারতীয় মুদ্রার পাশাপাশি উদ্ধার হয়েছে বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা। এর মধ্যে রয়েছে মার্কিন ডলার, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ভুটান, সৌদি আরব ও কুয়েতের মুদ্রা। পাশাপাশি পাওয়া গেছে বাংলাদেশের টাকাও।প্রশাসনের বক্তব্য, দেশ-বিদেশের ভক্ত ও পর্যটকদের কাছে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের আকর্ষণ ক্রমেই বাড়ছে। প্রণামী বাক্সে বিদেশি মুদ্রার উপস্থিতিই তার অন্যতম প্রমাণ। বর্তমানে ব্যাংকের কিউআর কোডের মাধ্যমেও ভক্তরা মায়ের চরণে প্রণামী প্রদান করছেন।প্রণামী গণনার কাজ সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৮ সদস্যের বিশেষ দল গঠন করা হয়েছে। কড়া নিরাপত্তা ও প্রশাসনের নজরদারির মধ্যেই চলছে সম্পূর্ণ প্রক্রিয়া।মন্দির কর্তৃপক্ষের মতে, ভক্তদের অগাধ বিশ্বাস, আস্থা ও ভক্তিরই প্রতিফলন এই প্রণামী। বিদেশি মুদ্রার উপস্থিতি মন্দিরটির আন্তর্জাতিক পর্যায়ে ক্রমবর্ধমান জনপ্রিয়তারও ইঙ্গিত দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *