আগরতলা: নাগরিক পরিষেবাকে আরও আধুনিক, গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে আগরতলা পুর নিগমের ২৮ নম্বর ওয়ার্ডে নতুন ওয়ার্ড কার্যালয় নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার, ৬ অক্টোবর, যোগেন্দ্রনগরে প্রস্তাবিত নতুন কার্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমিপূজা অনুষ্ঠিত হয়। মেয়র দীপা মজুমদারের হাত ধরে এই কর্মসূচি সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কাউন্সিলর নন্দদুলাল দেবনাথসহ অন্যান্যরা।প্রস্তাবিত ওয়ার্ড কার্যালয়টি RCC G+1 কাঠামোতে নির্মাণ করা হবে। অনুষ্ঠানে মেয়র বলেন, নাগরিকদের আরও উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যেই এই নতুন পদক্ষেপ। ওয়ার্ড পর্যায়ে পরিষেবা আরও সহজলভ্য ও দ্রুত করার ক্ষেত্রে নতুন কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।গত পাঁচ বছরে আগরতলা শহরের নাগরিক পরিকাঠামো উন্নয়নে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে অনুষ্ঠানে তুলে ধরা হয়। জল জমার সমস্যা মোকাবিলা ও নিকাশি ব্যবস্থার উন্নতিতে ২৩টি CC নর্দমা, ২১টি ড্রেন এবং ৮টি RCC ড্রেন নির্মাণ করা হয়েছে। পাশাপাশি প্রায় ৭১ লক্ষ টাকা ব্যয়ে RCC ড্রেন উইথ ফুটপাত নির্মাণের কাজ চলছে। এর ফলে নিকাশি ব্যবস্থার পাশাপাশি পথচারীদের নিরাপদ চলাচলের সুবিধাও বাড়বে।এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৬টি রিটেইনিং ওয়াল নির্মাণ করা হয়েছে। পানীয় জলের পরিষেবা সম্প্রসারণে স্থাপন করা হয়েছে ১৫টি মিনি ডিপ টিউবওয়েল এবং ৮টি মিনি ডিপ টিউবওয়েল পাইপলাইন।নিরাপদ আবাসনের ক্ষেত্রেও PMAY 1.0 ও PMAY 2.0-এর মাধ্যমে বহু পরিবারকে পাকা বাড়ির সুযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি মনকুমারী টাউন হল প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে আধুনিকীকরণ করা হয়েছে। শিশুদের জন্য প্রায় ৫ লক্ষ টাকা ব্যয়ে শিশু উদ্যানের উন্নয়ন করা হয়েছে।ব্যবসায়ী ও সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে ২৫ লক্ষ টাকা ব্যয়ে মনকুমারী বাজার এবং ১৫ লক্ষ টাকা ব্যয়ে বৃদ্ধাশ্রম বাজার আধুনিকীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া মধ্যপাড়ায় খাওড়া নদীর পাড়ে প্রায় ২৪ লক্ষ টাকা ব্যয়ে নদীর ঘাট নির্মাণের উদ্যোগও নেওয়া হয়েছে।বৃদ্ধাশ্রম পাড়া, অগ্রদূতপাড়া, খোদিরামপাড়া, মনকুমারীপাড়া, মহাশক্তিপাড়া, কালাচাঁদপাড়া, মধ্যপাড়া, নিশানপাড়া, রোধানপাড়া ও নমুদয়পাড়াসহ বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কাজ চলছে।পুর নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, উন্নয়নের এই ধারাবাহিকতায় নাগরিকদের প্রয়োজন ও প্রত্যাশাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আগামী দিনে আরও উন্নত রাস্তা, নিকাশি ব্যবস্থা, পর্যাপ্ত পানীয় জল, আধুনিক বাজার, উন্নত নাগরিক পরিকাঠামো ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলাই লক্ষ্য।
২৮ নম্বর ওয়ার্ডে নতুন কার্যালয়, নাগরিক পরিষেবায় আধুনিকতার পথে আগরতলা
