সোনামুড়া: প্রায় তিন বছর ধরে ভগ্নপ্রায় ও ঝুঁকিপূর্ণ ঝুলন্ত সেতু দিয়েই জীবন বাজি রেখে যাতায়াত করছেন সোনামুড়া মহকুমার মধুবন এলাকার হাজারো মানুষ। গোমতী নদীর উপর অবস্থিত এই সেতুটি দীর্ঘদিন ধরে মেরামতের অভাবে কার্যত মরণফাঁদে পরিণত হলেও প্রশাসনের উদ্যোগের অভাব নিয়ে ক্ষোভ বাড়ছে এলাকায়।বরনারায়ন, গরুরবান্দ ও বেজিমারা—এই তিন গ্রামের বাসিন্দাদের সোনামুড়া শহরে কাজ, বাজার, চিকিৎসা এবং অন্যান্য প্রয়োজনীয় কাজে আসার প্রধান ভরসা এই ঝুলন্ত সেতু। একই সঙ্গে সোনামুড়া ডিগ্রি কলেজে যাতায়াতকারী বহু ছাত্র-ছাত্রীও প্রতিদিন বাধ্য হয়ে এই ঝুঁকিপূর্ণ সেতু ব্যবহার করছেন।স্থানীয়দের অভিযোগ, সেতুর বিভিন্ন অংশ ভেঙে পড়েছে এবং প্রতিনিয়ত ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। তবুও দীর্ঘদিন ধরে মেরামতের কোনও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।সমস্যা আরও জটিল হয়েছে দায়িত্ব নিয়ে প্রশাসনিক টানাপোড়েনে। কাঁঠালিয়া ব্লক প্রশাসনের দাবি, সেতুটি সোনামুড়া নগর পঞ্চায়েতের অধীন। অন্যদিকে নগর পঞ্চায়েতের বক্তব্য, এটি ব্লক প্রশাসনের দায়িত্ব। ফলে দায় এড়ানোর এই পরিস্থিতির মধ্যেই সেতুর দুরবস্থা আরও বাড়ছে।বরনারায়ন গ্রামের বাসিন্দা রমেশ দেবনাথ বলেন, “কবে যে এই সেতু ভেঙে বড় দুর্ঘটনা ঘটবে, তা কেউ জানে না। শিশু থেকে বৃদ্ধ—সবাই এই সেতু ব্যবহার করেন। বহুবার আবেদন করেও কোনও ফল পাইনি।”স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও অভিভাবকদের একটাই দাবি—অবিলম্বে ঝুলন্ত সেতুটি সংস্কার করা হোক অথবা নিরাপদ বিকল্প পারাপারের ব্যবস্থা করা হোক। তাঁদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনও মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
৩ বছর ধরে মরণফাঁদে যাতায়াত! সোনামুড়ার মধুবনের ঝুলন্ত সেতু নিয়ে চরম ক্ষোভ, বড় দুর্ঘটনার আশঙ্কা
