Headlines

৩ মাস ধরে বিকল এক্স-রে মেশিন! বিশালগড় হাসপাতালে চরম ভোগান্তিতে রোগীরা

তিন মাস ধরে বন্ধ বিশালগড় মহকুমা হাসপাতালের একমাত্র এক্স-রে পরিষেবা। অভিযোগ, দীর্ঘদিন ধরে মেশিনটি বিকল থাকলেও এখনও পর্যন্ত তা সচল করার কার্যকর উদ্যোগ দেখা যায়নি। ফলে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।সিপাহীজলা জেলার অন্যতম গুরুত্বপূর্ণ মহকুমা বিশালগড়। প্রায় দুই লক্ষ মানুষের চিকিৎসার জন্য গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান বিশালগড় মহকুমা হাসপাতাল। অথচ এই হাসপাতালের একমাত্র এক্স-রে মেশিনটি দীর্ঘ তিন মাস ধরে অকেজো হয়ে পড়ে রয়েছে।ফলে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বাইরে গিয়ে এক্স-রে করাতে হচ্ছে। এতে অনেক রোগীকেই অতিরিক্ত টাকা খরচ করতে হচ্ছে। বিশেষ করে আর্থিকভাবে দুর্বল পরিবারের রোগীদের সমস্যাই সবচেয়ে বেশি বলে অভিযোগ।এ বিষয়ে বিশালগড় মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডা. অরিজিৎ সিনহা মেশিন বিকল থাকার বিষয়টি স্বীকার করেন। তাঁর বক্তব্য, রাজ্য সরকারের অধীনে থাকা মেডিসিটি সংস্থার উপর চিকিৎসা সরঞ্জাম সরবরাহ ও মেরামতের দায়িত্ব রয়েছে। মেশিন বিকল হওয়ার পর থেকে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে।স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায়, সংস্থার টেকনিক্যাল টিম একাধিকবার মেশিনটি পরীক্ষা করেছে। মেরামতের জন্য প্রয়োজনীয় একটি যন্ত্রাংশ চণ্ডীগড় থেকে আনতে হবে বলে জানানো হয়েছে। তবে সেই যন্ত্রাংশ আসতে দেরি হওয়াতেই পরিষেবা এখনও স্বাভাবিক হয়নি বলে দাবি স্বাস্থ্য দপ্তরের।এক্স-রে পরিষেবা বন্ধ থাকায় রোগীদের পাশাপাশি চিকিৎসকদেরও চিকিৎসা পরিষেবা দিতে সমস্যার মুখে পড়তে হচ্ছে। এদিকে জেলার স্বাস্থ্য পরিষেবার পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, মহকুমা হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রগুলির পরিকাঠামোগত সমস্যার দিকে যথেষ্ট নজর নেই।দ্রুত এক্স-রে মেশিনটি মেরামত করে পরিষেবা স্বাভাবিক করার পাশাপাশি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন বিশালগড়ের সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *