Headlines

৪০ বছরের পাইপলাইন বিকল, জলকষ্টে ভাগ্যপুরের হাজারো মানুষ!

ধর্মনগর মহকুমার ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতে তীব্র পানীয় জলের সংকটে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো বাসিন্দা। প্রায় ৪০ বছর আগে স্থাপিত জল সরবরাহের পাইপলাইন দীর্ঘদিনের রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে সম্পূর্ণ বিকল হয়ে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।বাসিন্দাদের দাবি, প্রায় দুই বছর ধরে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কাছে বারবার অভিযোগ জানানো হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। বছরখানেক আগে সাময়িকভাবে জোড়াতালি দিয়ে জল সরবরাহের চেষ্টা করা হলেও বর্তমানে পাইপলাইনের অবস্থা এতটাই বেহাল যে আর মেরামত করেও পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হচ্ছে না।জল সরবরাহ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত অপারেটর দীপক পাল জানান, পাইপলাইনের পাশাপাশি জলের ট্যাঙ্কও অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এই পরিস্থিতিতে জল সরবরাহ চালু করলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলেও তিনি উদ্বেগ প্রকাশ করেন।একটি মাত্র জল সরবরাহ ব্যবস্থার ওপর নির্ভরশীল ছিল গোটা ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েত। সেটি বন্ধ হয়ে যাওয়ায় দৈনন্দিন প্রয়োজনের জল সংগ্রহ করতে চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।এলাকাবাসীর দাবি, কোনো বড় বিপর্যয় ঘটার আগেই পানীয় জল দপ্তর দ্রুত হস্তক্ষেপ করে সম্পূর্ণ নতুন পাইপলাইন স্থাপন এবং জলের ট্যাঙ্ক সংস্কারের স্থায়ী ব্যবস্থা গ্রহণ করুক। দ্রুত সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন ক্ষুব্ধ বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *