বিশালগড় রঘুনাথপুর সড়কে বাইক ও বাইসাইকেলের সংঘর্ষে অবসরপ্রাপ্ত এসএসবি জওয়ানের মৃত্যুর ঘটনায় পাঁচ দিন পেরিয়ে গেলেও অভিযুক্ত বাইক চালককে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে মৃতের পরিবারের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে।জানা গেছে, পাঁচ দিন আগে বিশালগড়-রঘুনাথপুর সড়কে বাইক ও বাইসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় বাইসাইকেল আরোহী নিতাই চন্দ্র সাহা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। তড়িঘড়ি তাঁকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করেন।তবে জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় নিতাই চন্দ্র সাহার। তিনি অবসরপ্রাপ্ত এসএসবি ব্যাটেলিয়ানের সদস্য ছিলেন বলে পরিবারের তরফে জানানো হয়েছে।ঘটনার পর বাইকের নম্বর উল্লেখ করে বিশালগড় থানায় মামলা দায়ের করা হয়। কিন্তু অভিযোগ, ঘটনার পাঁচ দিন অতিক্রান্ত হলেও এখনও অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি।সোমবার দুপুরে সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়ে মৃতের পরিবারের সদস্যরা পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের প্রশ্ন, মামলা দায়েরের পরও কেন অভিযুক্তকে এখনও গ্রেফতার করা হলো না? ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ বা রহস্য রয়েছে কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তাঁরা।পরিবারের দাবি, দ্রুত তদন্ত শেষ করে দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিকে গ্রেফতার করা হোক এবং নিতাই চন্দ্র সাহার মৃত্যুর ঘটনায় তাঁরা যেন ন্যায়বিচার পান।
৫ দিনেও গ্রেফতার নয় অভিযুক্ত! দুর্ঘটনায় নিতাইয়ের মৃত্যু ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
