আগরতলা, ২২ জুন: রাস্তার বেহাল অবস্থা নিয়ে ফের ক্ষোভ উগরে দিলেন স্থানীয় বাসিন্দারা। আগরতলা পুর নিগমের ৪১ ও ৪৩ নম্বর ওয়ার্ডের জুয়েলস ক্লাব সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তার দুরবস্থার অভিযোগ তুলে ডেপুটি মেয়র তথা সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর মণিকা দত্তের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী।স্থানীয়দের দাবি, প্রায় ২৫ বছর ধরে রাস্তার সমস্যায় ভুগছেন তারা। বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিদের কাছে সমস্যার কথা জানানো হলেও আশ্বাস ছাড়া বাস্তবে তেমন কোনো উন্নয়নমূলক কাজ দেখা যায়নি। ফলে প্রতিদিন যাতায়াতে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে।এলাকাবাসীর অভিযোগ, মাত্র ছয় মাস আগে ওই এলাকায় পিচ রাস্তার কাজ করা হয়েছিল। কিন্তু অল্প সময়ের মধ্যেই রাস্তার বিভিন্ন অংশ ভেঙে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে রাস্তার নির্মাণমান ও কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।ক্ষুব্ধ বাসিন্দাদের প্রশ্ন, উন্নয়নের জন্য পুর নিগমের বরাদ্দ অর্থ কোথায় ব্যয় হচ্ছে, যদি নতুন তৈরি রাস্তার এমন অবস্থা হয়? তাদের দাবি, দ্রুত রাস্তা সংস্কার এবং নির্মাণকাজের মান যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।এদিকে, বৃষ্টির সময় রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে পড়ায় যানবাহন চলাচল এবং পথচারীদের যাতায়াতে ব্যাপক সমস্যা সৃষ্টি হচ্ছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে।এলাকাবাসীরা প্রশাসন ও পুর নিগমের কাছে দ্রুত হস্তক্ষেপ করে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।
৬ মাসেই বেহাল পিচ রাস্তা! ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী, ডেপুটি মেয়রের বিরুদ্ধে সরব বাসিন্দারা
