২০২১ সালের গাঁজা পাচার মামলায় দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল খোয়াই জেলা আদালত। একইসঙ্গে প্রত্যেক অভিযুক্তকে ১ লক্ষ টাকা করে আর্থিক জরিমানা করা হয়েছে।মামলার বিবরণ অনুযায়ী, ২০২১ সালের ৯ জুলাই তেলিয়ামুড়া থানার অন্তর্গত হাওয়াইবাড়ি নাকা পয়েন্টে একটি গাড়িতে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশির সময় গাড়ি থেকে মোট ৭৯ কেজি গাঁজা উদ্ধার হয়। ঘটনায় গাড়ির চালক পার্থ দেবনাথ এবং সহ-চালক বিজেশ দেববর্মকে গ্রেপ্তার করা হয়।পরবর্তীতে মামলাটি খোয়াই জেলা আদালতের স্পেশাল জজ শর্মিষ্ঠা মুখার্জীর আদালতে বিচারাধীন ছিল। দীর্ঘ বিচারপ্রক্রিয়ায় মোট ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্যপ্রমাণ ও মামলার নথিপত্র পর্যালোচনার পর আদালত দুই অভিযুক্তকেই দোষী সাব্যস্ত করেন।এরপর আদালত পার্থ দেবনাথ ও বিজেশ দেববর্ম—উভয়কেই ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা করে জরিমানার নির্দেশ দেন।আদালতের এই রায়ে গাঁজা পাচারের মতো অপরাধের বিরুদ্ধে কঠোর বার্তা গেল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
৭৯ কেজি গাঁজা পাচার: দুই অভিযুক্তের ১০ বছরের জেল, ১ লক্ষ টাকা জরিমানা
