উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের নয়াপাড়া ১ নম্বর আই.সি.ডি.এস. অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশু, গর্ভবতী ও প্রসূতি মায়েদের পুষ্টিকর খাবার সরবরাহ নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। অঙ্গনওয়াড়ি কর্মীদের দাবি, গত প্রায় ছয় মাস ধরে পুষ্টিকর খাবারের বরাদ্দ বাবদ অর্থ না আসায় চরম সমস্যার মুখে পড়েছেন তাঁরা।অভিযোগ, এতদিন নিজেদের সামর্থ্য অনুযায়ী এবং স্থানীয় দোকান থেকে বাকিতে খাদ্যসামগ্রী এনে শিশুদের খাবার দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু দীর্ঘদিনের বকেয়া জমে যাওয়ায় বর্তমানে দোকানদাররাও আর বাকিতে খাদ্যসামগ্রী দিতে চাইছেন না।শুধু পুষ্টিকর খাবার নয়, কেন্দ্রটির পরিকাঠামো নিয়েও একাধিক অভিযোগ রয়েছে। বিদ্যুৎ ও শৌচাগারের অভাবের পাশাপাশি পর্যাপ্ত রান্নার ব্যবস্থা নেই বলেও দাবি কর্মীদের। বর্ষার সময় ছাদ দিয়ে জল পড়ে সমস্যাও আরও বাড়ছে বলে অভিযোগ।অঙ্গনওয়াড়ি কর্মীদের দাবি, দ্রুত বকেয়া অর্থ মিটিয়ে পুষ্টিকর খাবার সরবরাহ স্বাভাবিক করতে হবে। পাশাপাশি, শিশু ও প্রসূতি মায়েদের স্বার্থে কেন্দ্রটির পরিকাঠামোগত সমস্যাগুলিও দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন তাঁরা।
ছয় মাস পুষ্টির বরাদ্দ বন্ধ! ধর্মনগরের অঙ্গনওয়াড়িতে শিশু-মায়েদের সংকট
