দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণের পথে। মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের উত্তর কালাবন গ্রাম পঞ্চায়েত এলাকার সিমসিমা–কলাবন হয়ে আশ্রম টিলা পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাটিকে পাকা রাস্তায় রূপান্তরের কাজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।রাস্তা নির্মাণের আগে ধর্মীয় রীতি মেনে ভূমি পূজন করা হয়। পরে উত্তর কালাবন গ্রাম পঞ্চায়েত ময়দানে আয়োজিত অনুষ্ঠানে কাজের আনুষ্ঠানিক সূচনা করেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়। প্রায় ৭৯ লক্ষ ১৫ হাজার ৬৭৫ টাকা ব্যয়ে রাস্তাটির নির্মাণ কাজ হবে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পী দাস, পূর্ত দপ্তরের আধিকারিক প্রণব দাস সহ এলাকার জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা।বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক অভিষেক দেবরায় বলেন, গ্রামীণ এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। রাস্তাটি নির্মাণ সম্পন্ন হলে উত্তর কালাবন ও পার্শ্ববর্তী এলাকার মানুষের যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন যোগাযোগের ক্ষেত্রেও সুবিধা মিলবে বলে তিনি জানান।দীর্ঘ প্রতীক্ষার পর রাস্তার কাজ শুরু হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি এলাকার বাসিন্দারা। নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ হবে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।
৭৯ লক্ষ টাকায় পাকা হচ্ছে দীর্ঘ প্রতীক্ষিত রাস্তা, কাজের সূচনা বিধায়কের
