সালেমা: দীর্ঘ আট মাস ধরে প্রাপ্য বিল বকেয়া থাকার অভিযোগে সালেমা ব্লক অফিসে তালা ঝুলিয়ে আন্দোলনে নামলেন TRLM-এর অধীনে কর্মরত CSP-রা। সোমবার, ১২ অক্টোবর, বকেয়া অর্থ দ্রুত মিটিয়ে দেওয়ার দাবিতে তাঁদের এই আন্দোলনকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পরে BDO-র আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করে নেন তাঁরা।আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘ আট মাস ধরে নিজেদের দায়িত্ব পালন করলেও এখনও পর্যন্ত প্রাপ্য বিলের টাকা হাতে পাননি তাঁরা। তাঁদের দাবি, গত ১০ অক্টোবরের মধ্যে বকেয়া অর্থ মিটিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও ১২ অক্টোবর পর্যন্ত পাওনা না মেলায় ক্ষোভ বাড়তে থাকে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে সালেমা ব্লক অফিসে তালা ঝুলিয়ে আন্দোলনে বসেন তাঁরা।CSP-দের বক্তব্য, দীর্ঘদিন ধরে বিল বকেয়া থাকায় তাঁরা আর্থিক সমস্যার মুখে পড়েছেন। কাজ করার পরও প্রাপ্য অর্থ না পাওয়ায় দৈনন্দিন খরচ চালানো কঠিন হয়ে উঠেছে। তাই অবিলম্বে বকেয়া বিল মেটানোর পাশাপাশি ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না হয়, তারও দাবি জানান আন্দোলনকারীরা।এদিকে, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার পর BDO আগামী দু’দিনের মধ্যে তাঁদের বকেয়া বিল মিটিয়ে দেওয়ার আশ্বাস দেন। এই আশ্বাসের পরই আন্দোলন প্রত্যাহার করে নেন TRLM-এর অধীনে কর্মরত CSP-রা।তবে আট মাসের বকেয়া পাওনা নিয়ে তৈরি হওয়া এই সমস্যার স্থায়ী সমাধান এখনও বাকি। BDO-র প্রতিশ্রুতি অনুযায়ী আগামী দু’দিনের মধ্যে পাওনা মেটানো হয় কি না, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্ট কর্মীরা।
৮ মাসের বকেয়া বিল, সালেমা ব্লক অফিসে তালা! BDO-র আশ্বাসে উঠল আন্দোলন
