২০২৪ সালে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা অধিকার দপ্তরের অধীনে অঙ্গনওয়াড়ি সংক্রান্ত বিভিন্ন কাজে একাধিক এনজিওকে কাজের সুযোগ দেওয়া হয়েছিল। অভিযোগ, কাজ শুরু করার পর কিছুদিন পার হলেও গত প্রায় নয় মাস ধরে বেতন পাচ্ছেন না সংশ্লিষ্ট কর্মীরা।বেতন বকেয়ার প্রতিবাদে বুধবার বাধ্য হয়ে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন দেন তাঁরা। দ্রুত বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার পাশাপাশি তাঁদের কর্মসংস্থানের বিষয়টি নিশ্চিত করার দাবি জানান কর্মীরা।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কর্মীরা আরও অভিযোগ করেন, আগে এই ধরনের কাজে যোগদানের ক্ষেত্রে নির্দিষ্ট কোনও শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন ছিল না। কিন্তু বর্তমানে শিক্ষাগত যোগ্যতার শর্ত সামনে এনে যোগ্যতা না থাকলে কর্মীদের কাজ থেকে বাদ দেওয়া হচ্ছে।কর্মীদের দাবি, দীর্ঘদিন কাজ করার পর হঠাৎ করে তাঁদের বেতন বন্ধ হয়ে যাওয়া এবং যোগ্যতার প্রশ্ন তুলে কর্মসংস্থান অনিশ্চিত হয়ে পড়ায় তাঁরা চরম সমস্যায় রয়েছেন। দ্রুত সমস্যার সমাধান করে বকেয়া বেতন প্রদান এবং কর্মসংস্থান সুনিশ্চিত করার জন্য দপ্তরের কাছে আবেদন জানান তাঁরা।
৯ মাসের বেতন বকেয়া, সমাজকল্যাণ দপ্তরে এনজিও কর্মীদের ডেপুটেশন
