ঊনকোটি জেলার গৌরনগর আরডি ব্লকের শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ড এলাকায় যুবরাজনগর থেকে শ্রীনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার প্রধান সড়কটি সম্পূর্ণ জলের তলায় তলিয়ে যাওয়ায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার বিষয়ে পঞ্চায়েত, পিডব্লিউডি দপ্তর, মহকুমা প্রশাসন এবং জেলা প্রশাসনকে বারবার জানানো হলেও কোনও স্থায়ী সমাধান করা হয়নি। বর্ষা শুরু হতেই পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে।সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রী, অসুস্থ রোগী নিয়ে যাতায়াতকারী পরিবার এবং নিত্যপ্রয়োজনীয় কাজে বের হওয়া সাধারণ মানুষ। জলমগ্ন রাস্তা পারাপার করতে গিয়ে প্রতিদিনই ঝুঁকি নিতে হচ্ছে এলাকাবাসীদের।গ্রামবাসীদের দাবি, গত ২৫ বছরেও রাস্তার উন্নয়নে কার্যকর কোনও উদ্যোগ নেওয়া হয়নি। সরকার পরিবর্তনের পরও এলাকায় উন্নয়নের দৃশ্যমান কাজ না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।এলাকাবাসীরা অবিলম্বে রাস্তার সংস্কার এবং স্থায়ী সমাধানের দাবিতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
জলের তলায় গৌরনগরের প্রধান সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ!
