Headlines

১৮ মুড়া পাহাড়ে গ্যাস পাইপলাইন প্রকল্পের জট কাটাতে উচ্চপর্যায়ের বৈঠক, তৎপর প্রশাসন

গোটা ত্রিপুরাজুড়ে ‘ইন্দ্রধনুস’ প্রকল্পের আওতায় গ্যাস লাইন সম্প্রসারণের কাজ দ্রুত এগোলেও, দীর্ঘদিন ধরে তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি ব্লকের ১৮ মুড়া পাহাড়ের শ্রীরামখরা এলাকায় পাইপলাইন সম্প্রসারণের কাজ নানা সমস্যায় আটকে ছিল। অবশেষে সেই অচলাবস্থা কাটাতে বৃহস্পতিবার তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হল এক উচ্চপর্যায়ের বৈঠক।বৈঠকে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী Bikash Debbarma, মহকুমা শাসক Apurba Krishna Chakraborty সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।মূলত গ্যাস পাইপলাইন সম্প্রসারণের ক্ষেত্রে জমি সংক্রান্ত জটিলতা, যোগাযোগ ব্যবস্থা এবং স্থানীয় বিভিন্ন সমস্যার কারণে দীর্ঘদিন ধরে কাজ থমকে ছিল। এর ফলে এলাকাবাসীর মধ্যেও ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছিল।বৈঠকে মন্ত্রী বিকাশ দেববর্মা স্পষ্টভাবে জানান, জনস্বার্থে নেওয়া উন্নয়নমূলক কাজ দীর্ঘদিন আটকে রাখা যাবে না। তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুত সমস্যার বাস্তবসম্মত সমাধান বের করার নির্দেশ দেন। পাশাপাশি উন্নয়নের কাজে সাধারণ মানুষের স্বার্থ রক্ষা এবং প্রশাসনের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সমন্বয়ের ওপরও গুরুত্ব আরোপ করেন।প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, পাইপলাইন সম্প্রসারণের পথে থাকা সমস্ত বাধা চিহ্নিত করে ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বাড়িয়ে দ্রুত কাজ এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়েও বৈঠকে আলোচনা হয়।বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, “উন্নয়নের কাজ মানুষের জন্য। কোথাও কোনও সমস্যা থাকলে আলোচনার মাধ্যমেই তার সমাধান করা হবে। খুব দ্রুত সমস্ত জটিলতা কাটিয়ে গ্যাস পাইপলাইন সম্প্রসারণের কাজ পুনরায় গতি পাবে বলে আমরা আশাবাদী।”প্রশাসনের এই উদ্যোগে নতুন করে আশার আলো দেখছেন ১৮ মুড়া পাহাড়ের বাসিন্দারা। বহু প্রতীক্ষিত গ্যাস পরিষেবা এবার কবে বাস্তবে পৌঁছায়, সেদিকেই তাকিয়ে এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *