আগরতলা: আগরতলা পুর নিগমের অধীনে ৩৬ নম্বর ওয়ার্ডে নতুন ওয়ার্ড অফিস নির্মাণের লক্ষ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমি পূজন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আগরতলা পুর নিগমের মেয়র তথা এলাকার বিধায়ক দীপক মজুমদার।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, সংশ্লিষ্ট ওয়ার্ডের কর্পোরেটর নিতু দে গুহ-সহ অন্যান্য জনপ্রতিনিধি ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, আগরতলা পুর নিগমের দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে তিনি লক্ষ্য করেন, অধিকাংশ ওয়ার্ড অফিসের পরিকাঠামো নাগরিক পরিষেবা প্রদানের উপযোগী ছিল না। অনেক অফিসের ভবন জরাজীর্ণ অবস্থায় ছিল এবং পর্যাপ্ত জায়গা ও বসার উপযুক্ত পরিবেশের অভাব ছিল।তিনি বলেন, ওয়ার্ড অফিস নাগরিকদের সঙ্গে পুর নিগমের সরাসরি যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই প্রতিটি ওয়ার্ড অফিসকে আধুনিক ও নাগরিক পরিষেবার উপযোগী করে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।এই পরিকল্পনার আওতায় বিভিন্ন ওয়ার্ডে পুরোনো অফিস সংস্কারের পাশাপাশি নতুন ভবন নির্মাণের কাজও হাতে নেওয়া হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি ওয়ার্ডে ভূমি পূজন ও নির্মাণকাজ শুরু হয়েছে। পাশাপাশি আরও কয়েকটি প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী দিনে সেগুলির নির্মাণকাজও শুরু করা হবে বলে জানান মেয়র।নতুন ওয়ার্ড অফিস নির্মিত হলে ৩৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা আরও উন্নত পরিবেশে পুর পরিষেবা ও নিজেদের অভাব-অভিযোগ জানানোর সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।
৩৬ নম্বর ওয়ার্ডে নতুন অফিস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন, ভূমি পূজন মেয়রের
