কমলপুর: গত তিন মাস ধরে পানীয় জল সরবরাহ বন্ধ। বারবার সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েও মেলেনি কোনও সুরাহা। শেষ পর্যন্ত পানীয় জলের দাবিতে শুক্রবার ভোর ৫টা থেকে ২০৮ নম্বর বিকল্প জাতীয় সড়ক অবরোধে শামিল হলেন সাইকাবাড়ির ক্ষুব্ধ বাসিন্দারা। সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই অবরোধের জেরে সড়কের দু’পাশে আটকে পড়ে অসংখ্য যানবাহন। এমনকি আটকে পড়েন রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায় এবং ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মফস্বর আলীও।উল্লেখ্য, কৈলাশহর থেকে কমলপুর হয়ে আগরতলাগামী ২০৮ নম্বর বিকল্প জাতীয় সড়কের অন্তর্গত ৪৬ নম্বর সুরমা বিধানসভা এলাকার সাইকাবাড়িতে দীর্ঘদিন ধরেই পানীয় জলের সংকট চলছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত তিন মাস ধরে তাঁরা নিয়মিত পানীয় জল পাচ্ছেন না। সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরে বারবার জানানো হলেও কোনও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বাধ্য হয়েই শুক্রবার ভোরে পথ অবরোধের সিদ্ধান্ত নেন তাঁরা।অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কমলপুরের মহকুমা শাসক, DWS দপ্তরের SDO, মহকুমা পুলিশ আধিকারিক-সহ অন্যান্য প্রশাসনিক ও দপ্তরের আধিকারিকরা। পরিস্থিতি সামাল দিতে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা শুরু হয়।এদিকে, দীর্ঘক্ষণ সড়ক অবরুদ্ধ থাকায় চরম দুর্ভোগের মুখে পড়েন সাধারণ যাত্রীরা। আটকে পড়েন অফিসযাত্রী, বহিঃরাজ্যগামী বিমানের যাত্রী, অ্যাম্বুলেন্স এবং সরকারি যানবাহন। জরুরি পরিষেবা থেকে শুরু করে সাধারণ মানুষের যাতায়াত—সব ক্ষেত্রেই তৈরি হয় চরম সমস্যা।শেষ পর্যন্ত মন্ত্রী টিঙ্কু রায়-সহ প্রশাসনিক আধিকারিকদের আশ্বাসে দুপুর নাগাদ অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। তবে তিন মাসের পানীয় জলের সংকটের স্থায়ী সমাধান কবে হবে, এখন সেই অপেক্ষাতেই রয়েছেন সাইকাবাড়ির বাসিন্দারা।
তিন মাস জল নেই, ক্ষোভে ২০৮ নম্বর জাতীয় সড়ক অবরোধ! আটকে মন্ত্রী টিঙ্কু রায়
