তাওয়াং, ১ জুন: ১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধে দেশের সুরক্ষায় আত্মোৎসর্গকারী বীর সেনানীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে অরুণাচল প্রদেশের তাওয়াং ও নুরানাং অঞ্চলের গুরুত্বপূর্ণ যুদ্ধ স্মৃতিসৌধ পরিদর্শন করলেন ত্রিপুরার সাংসদ বিপ্লব কুমার দেব।পরিদর্শনকালে তিনি Tawang War Memorial-এ গিয়ে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধের সময় তাওয়াং সেক্টরে দেশের প্রতিরক্ষায় প্রাণ উৎসর্গ করা প্রায় ২,৪২০ জন ভারতীয় সেনার স্মৃতির উদ্দেশ্যে এই স্মৃতিসৌধ নির্মিত হয়েছে। দেশের জন্য তাঁদের সর্বোচ্চ আত্মত্যাগ আজও জাতির কাছে অনুপ্রেরণার উৎস।এরপর তিনি নুরানাং অঞ্চলে অবস্থিত Jaswant Garh War Memorial পরিদর্শন করেন। এই স্মৃতিসৌধটি বীর সেনা জসওয়ন্ত সিং রাওয়াত-এর অসামান্য সাহসিকতা ও আত্মত্যাগের স্মৃতিকে অমর করে রেখেছে। ১৯৬২ সালের যুদ্ধে তাঁর বীরত্বগাথা আজও ভারতীয় সেনাবাহিনীর ইতিহাসে বিশেষভাবে স্মরণীয়।সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় যাঁরা সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন, তাঁদের অবদান কখনও ভোলার নয়। বীর শহিদদের স্মৃতি নতুন প্রজন্মকে দেশপ্রেম, সাহস ও কর্তব্যনিষ্ঠার শিক্ষা দেয় বলেও তিনি উল্লেখ করেন।এই সফরে যুদ্ধ স্মৃতিসৌধগুলির ঐতিহাসিক গুরুত্ব এবং ভারতীয় সেনাবাহিনীর গৌরবময় অবদানের বিষয়েও তিনি বিস্তারিতভাবে অবগত হন। তাঁর এই শ্রদ্ধাজ্ঞাপন কর্মসূচি দেশপ্রেম ও বীর শহিদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শনের এক তাৎপর্যপূর্ণ বার্তা বহন করেছে।
তাওয়াংয়ে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা সাংসদ বিপ্লব দেবের, পরিদর্শন করলেন যুদ্ধ স্মৃতিসৌধ
