জম্পুইজলা, প্রতিনিধি:দারিদ্র্যের সঙ্গে লড়াই করেও শিক্ষার স্বপ্ন ছাড়তে রাজি নয় মুক-বধির ও দিব্যাঙ্গ মেধাবী ছাত্রী তসলিমা। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও আর্থিক অনটনের কারণে কলেজে ভর্তি হতে পারছে না সে। ফলে উচ্চশিক্ষার স্বপ্ন আজ অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে।জম্পুইজলা এলাকার বাসিন্দা তসলিমা ছোটবেলা থেকেই প্রতিকূল পরিস্থিতিকে জয় করে পড়াশোনা চালিয়ে এসেছে। শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তার শিক্ষার প্রতি আগ্রহ ও মেধা সকলের প্রশংসা কুড়িয়েছে। কিন্তু পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল হওয়ায় কলেজে ভর্তি ও পড়াশোনার খরচ বহন করা সম্ভব হচ্ছে না।তসলিমার বাবা-মা রাজ্যের মুখ্যমন্ত্রীসহ সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। তাঁদের আশা, সরকারি বা সামাজিক সহযোগিতা পেলে তসলিমা তার উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করতে পারবে এবং ভবিষ্যতে সমাজের একজন প্রতিষ্ঠিত মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে সক্ষম হবে।এলাকাবাসীরাও এই মেধাবী ছাত্রীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। এখন সকলের নজর, তসলিমার শিক্ষার স্বপ্ন পূরণে সরকার ও সমাজ কতটা এগিয়ে আসে তার দিকে।
দারিদ্র্যের বাধা পেরিয়ে কলেজে পড়তে চায় মুক-বধির মেধাবী তসলিমা, মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন
