Headlines

ফটিক জমাতিয়ার বদলির প্রতিবাদে উত্তাল পশ্চিম লুধুয়া! কর্মবিরতির হুঁশিয়ারি রাবার বাগান শ্রমিকদের

দক্ষিণ ত্রিপুরার পশ্চিম লুধুয়া টিএফডিপিসি রাবার বাগানে অফিসার ইনচার্জ ফটিক জমাতিয়ার বদলির আদেশকে কেন্দ্র করে তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন শ্রমিকরা। বদলির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকেই বাগান চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তাঁরা। এমনকি তাঁদের দাবি পূরণ না হলে আগামী ১২ জুন থেকে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন শ্রমিকরা।শ্রমিকদের অভিযোগ, মাত্র ৯ মাস আগে অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ফটিক জমাতিয়া। অল্প সময়ের মধ্যেই তিনি বাগানের উন্নয়ন, শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধান এবং প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক ভূমিকা পালন করে শ্রমিকদের আস্থা অর্জন করেন।বিক্ষোভকারী শ্রমিকদের দাবি, ফটিক জমাতিয়ার নেতৃত্বে বাগানের কাজকর্মে স্বচ্ছতা ও গতি ফিরে আসে। তাই হঠাৎ করে তাঁকে বদলির সিদ্ধান্তে তাঁরা হতাশ ও ক্ষুব্ধ হয়ে পড়েছেন। তাঁদের আশঙ্কা, নতুন কর্মকর্তা দায়িত্ব গ্রহণ করলে বর্তমানে চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড ব্যাহত হতে পারে।বর্তমানে পশ্চিম লুধুয়া টিএফডিপিসি রাবার বাগানের উপর প্রায় ১৬০টি পরিবার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল। ফলে শ্রমিকদের দাবি, তাঁদের স্বার্থ এবং বাগানের উন্নয়নের কথা বিবেচনা করে ফটিক জমাতিয়ার বদলির আদেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে।এদিকে শ্রমিকদের বিক্ষোভ ঘিরে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এখন প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছেন বাগান সংশ্লিষ্ট শ্রমিক ও তাঁদের পরিবারগুলি। :::

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *