আগরতলা, বৃহস্পতিবার: আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনে বৃহস্পতিবার যুব কংগ্রেসের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা, সিনিয়র সহ-সভাপতি রাকেশ দাস এবং সদর জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক ড. পাথ প্রতিম পাল।সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে যুব কংগ্রেসের সিনিয়র সহ-সভাপতি রাকেশ দাস নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্র সরকারের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, দেশের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যতের সঙ্গে জড়িত এমন একটি গুরুতর বিষয়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট অবস্থান গ্রহণ করেননি। বিভিন্ন ইস্যুতে প্রধানমন্ত্রী বক্তব্য রাখলেও নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তাঁর নীরবতা উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি।রাকেশ দাসের অভিযোগ, নিট পরীক্ষাকে কেন্দ্র করে বৃহৎ মাত্রার অনিয়ম ও দুর্নীতি সংঘটিত হয়েছে, যার ফলে দেশের অসংখ্য মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। যুব সমাজের স্বার্থে কেন্দ্র সরকারের কাছে এই ঘটনার পূর্ণাঙ্গ জবাবদিহি দাবি করেন তিনি।এদিন তিনি ঘোষণা করেন, আগামী ১৫ জুন যুব কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। ওই কর্মসূচির মাধ্যমে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবির পাশাপাশি নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানানো হবে বলে তিনি জানান। :::
NEET প্রশ্নপত্র ফাঁস নিয়ে মোদির নীরবতা কেন? ১৫ জুন বিক্ষোভে নামছে যুব কংগ্রেস
