Headlines

শান্তিনিকেতন কাণ্ডে হাইকোর্টের বিচারপতির তদন্তের দাবি কংগ্রেসের! ১৫ জুনের পর রাজ্যজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি মহিলা কংগ্রেসের

শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে তরুণীর রহস্যজনক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ফের সরব হলো ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। রাজ্য সরকারের ঘোষিত ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তে আস্থা নেই বলে স্পষ্ট জানিয়ে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বা বর্তমান বিচারপতির নেতৃত্বে নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে দলটি।এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের নেতৃবৃন্দ অভিযোগ করেন, ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল এবং জনমনে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। তাই শুধুমাত্র ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তে প্রকৃত সত্য উদঘাটন হবে কি না, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। সেই কারণেই বিচার বিভাগীয় পর্যায়ের তদন্তের দাবি জানানো হচ্ছে।কংগ্রেসের বক্তব্য, মৃতার পরিবার যাতে ন্যায়বিচার পায় এবং ঘটনার প্রকৃত কারণ সামনে আসে, তার জন্য স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত অত্যন্ত জরুরি। হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে তদন্ত হলে সাধারণ মানুষের আস্থাও বহুগুণ বৃদ্ধি পাবে বলে মনে করছে দলটি।অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে আগামী ১৫ জুনের পর থেকে রাজ্যব্যাপী আন্দোলনের ডাক দিয়েছে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস। সংগঠনের নেত্রীদের দাবি, দোষীদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে এবং তদন্ত প্রক্রিয়াকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে।মহিলা কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যের বিভিন্ন জেলায় প্রতিবাদ কর্মসূচি, বিক্ষোভ এবং গণআন্দোলনের মাধ্যমে তারা এই দাবি জনগণের কাছে পৌঁছে দেবে। তাদের অভিযোগ, নারী নিরাপত্তা এবং সংবেদনশীল ঘটনাগুলিতে সরকারের ভূমিকা নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।এদিকে, শান্তিনিকেতন কাণ্ডে তদন্ত নিয়ে রাজনৈতিক চাপানউতোর ক্রমশ তীব্র আকার ধারণ করছে। এখন দেখার, বিচার বিভাগীয় তদন্তের দাবিতে কংগ্রেসের আন্দোলন রাজ্য রাজনীতিতে কতটা প্রভাব ফেলে এবং সরকার এই বিষয়ে নতুন কোনো পদক্ষেপ গ্রহণ করে কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *