জন কল্যাণ শিবিরকে সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার বিকেল সাড়ে ৩টায় ঊনকোটি জেলা শাসক ও জেলা কালেক্টরের চেম্বারে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে জন কল্যাণ শিবিরের বিভিন্ন দিক তুলে ধরেন ঊনকোটি জেলার জেলা শাসক ও সমাহর্তা মেঘা জৈন (আইএএস)।সাংবাদিক সম্মেলনে তিনি জানান, জন কল্যাণ শিবিরের মূল উদ্দেশ্য হলো বিভিন্ন সরকারি পরিষেবা ও জনমুখী প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং প্রশাসন ও জনগণের মধ্যে আরও কার্যকর যোগাযোগ স্থাপন করা।তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তরের পরিষেবা এক ছাতার নিচে এনে সাধারণ মানুষকে দ্রুত ও সহজভাবে প্রয়োজনীয় সুবিধা প্রদান করা হবে। বিশেষ করে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষ যাতে সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হন, সে বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।এছাড়াও প্রশাসনের চলমান বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি ও জনস্বার্থে গৃহীত পদক্ষেপ সম্পর্কেও বিস্তারিত তথ্য তুলে ধরা হয় সাংবাদিক সম্মেলনে। সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণের জন্য প্রয়োজনীয় নথিপত্রসহ নির্ধারিত শিবিরে অংশগ্রহণ করার আহ্বান জানান জেলা শাসক।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জন কল্যাণ শিবিরের মাধ্যমে মানুষের সমস্যার দ্রুত সমাধান এবং সরকারি পরিষেবার স্বচ্ছ ও সহজলভ্য ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা হচ্ছে। তাই জেলার সকল বাসিন্দাকে এই উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সরকারি সুবিধা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দিতে ‘জন কল্যাণ শিবির’! ঊনকোটিতে সাংবাদিক সম্মেলনে জেলা শাসক
