Headlines

কোটি টাকার PMGSY রাস্তা বেহাল! কৈলাশহর-রাঙ্গাউটিতে গর্তের দাপটে নাকাল জনজীবন

কৈলাশহর, প্রতিনিধি: কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা (PMGSY)-এর আওতাধীন কৈলাশহর-রাঙ্গাউটি সড়ক আজ বেহাল দশায় পরিণত হয়েছে। ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের আগে তড়িঘড়ি করে সম্পন্ন হওয়া এই প্রায় ৭ কিলোমিটার রাস্তা এখন এলাকাবাসীর দুর্ভোগের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।অভিযোগ, নির্বাচনের আগে রাজ্যের একটি নামী ঠিকাদার সংস্থা রাস্তার নির্মাণকাজ শেষ করলেও মেটেলিংয়ের সময় পাথরের তুলনায় অতিরিক্ত বালি ব্যবহার করা হয়। ফলে অল্প বৃষ্টিতেই রাস্তার বিভিন্ন অংশে ছোট-বড় গর্তের সৃষ্টি হয় এবং ধীরে ধীরে ভাঙন বাড়তে থাকে। প্রতি বছরই একই চিত্র দেখা গেলেও স্থায়ী সমাধান মেলেনি।স্থানীয়দের দাবি, নির্মাণের পর ঠিকাদারি সংস্থার পক্ষ থেকে দু’বার মেরামতির কাজ করা হলেও নিম্নমানের নির্মাণের কারণে সাত-আট মাসের মধ্যেই রাস্তা ফের চলাচলের অযোগ্য হয়ে পড়ে। অথচ নিয়ম অনুযায়ী পাঁচ বছর পর্যন্ত রাস্তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব ঠিকাদার সংস্থার উপরই বর্তায়।কৈলাশহরের উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত ছোট-বড় যানবাহন চলাচল করে। কিন্তু বর্তমানে ডাকবাংলা থেকে কুবঝার, কুবঝার থেকে টিলাবাজার এবং টিলাবাজার থেকে রাঙ্গাউটি পর্যন্ত বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হওয়ায় টুকটুক, রিক্সা, অটোসহ ছোট গাড়ি চলাচল কার্যত অসম্ভব হয়ে উঠেছে। দুর্ঘটনার আশঙ্কাও বেড়েছে বহুগুণ।এ অবস্থায় সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। এলাকাবাসীর একটাই দাবি—দায়সারা মেরামতি নয়, দ্রুত ও স্থায়ীভাবে কৈলাশহর-রাঙ্গাউটি সড়কের সংস্কার করে নিরাপদ যাতায়াত নিশ্চিত করুক সংশ্লিষ্ট দপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *