আগরতলা, ১২ জুন: দেশের গুরুত্বপূর্ণ বিমান অবকাঠামোর নিরাপত্তা আরও জোরদার করতে আগরতলা বিমানবন্দরের পুরনো টার্মিনালে CISF কর্মীদের জন্য ড্রোন সংক্রান্ত সচেতনতামূলক প্রদর্শনী ও প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করল অসম রাইফেলস। ১১ জুন অনুষ্ঠিত এই বিশেষ সেশনে আধুনিক ড্রোন প্রযুক্তি থেকে উদ্ভূত নিরাপত্তা ঝুঁকি এবং তা মোকাবিলার বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।প্রশিক্ষণ কর্মসূচিতে ড্রোন শনাক্তকরণ, সন্দেহজনক ড্রোন সনাক্তের প্রযুক্তি, সম্ভাব্য হুমকি প্রশমনের পদ্ধতি, নিরাপদভাবে ড্রোন নিষ্ক্রিয় করার প্রক্রিয়া এবং এ সংক্রান্ত আইনি বিষয়গুলি তুলে ধরা হয়। পাশাপাশি গুরুত্বপূর্ণ বিমান অবকাঠামোকে সুরক্ষিত রাখতে বাস্তবভিত্তিক প্রতিরোধমূলক ব্যবস্থার ওপরও জোর দেওয়া হয়।অসম রাইফেলসের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান সময়ে ড্রোন প্রযুক্তির দ্রুত প্রসারের সঙ্গে সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জও বেড়েছে। তাই এসব হুমকি মোকাবিলায় CISF, অসম রাইফেলস, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার মধ্যে সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।সেশনে উপস্থিত CISF-এর ঊর্ধ্বতন আধিকারিক ও কর্মীরা এই উদ্যোগের প্রশংসা করেন। তাঁদের মতে, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা, সতর্কতা এবং সময়োপযোগী সমন্বিত পদক্ষেপের বিকল্প নেই।অসম রাইফেলসের এই উদ্যোগ ‘জাতীয় নিরাপত্তায় ঐক্যবদ্ধ প্রচেষ্টা’র বার্তাকে আরও সুদৃঢ় করেছে এবং ভবিষ্যতের সম্ভাব্য ড্রোন হুমকি মোকাবিলায় সংশ্লিষ্ট বাহিনীগুলির প্রস্তুতিকে নতুন মাত্রা দিয়েছে।
আগরতলা বিমানবন্দরে ড্রোন হুমকি মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ, CISF-কে হাতে-কলমে প্রদর্শনী অসম রাইফেলসের
